সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নিজের ঘরে রাখা ভিজিএফের চালসহ আটগাও ইউনিয়ন পরিষদ (ইউপি)-এর ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামে তার বাড়ি থেকে প্রথমে ভিজিএফের চাল উদ্ধার এবং পরে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শনিবার রাত নয়টার দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তল্লাসি চালিয়ে সাড়ে সাত বস্তা (৫০ কেজির বস্তা) চালজব্দ করেন। পরে তাকে আটক করা হয়।
কালীপদ দাস সাংবাদিকদের বলেন এসব চাল ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার কথা। ইউপি সদস্য বাড়িতে কেন ভিজিএফের চাল রাখলেন সে বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
