বুধবার , ২১ জুন ২০২৩, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২১, ২০২৩ ৫:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ দেশের ভোট নিয়ে অনেক অভিযোগ আছে। সুতরাং বাংলাদেশের ভোট নিয়ে দেশটির মাতব্বরির কিছু নেই’।

আজ বুধবার (২১ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সকাল ১০টায় নগরীর বন্দর বাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন। এরপর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্নভাবে চাপ প্রয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের ভোট নিয়েই অনেক অভিযোগ রয়েছে। আমাদের দেশের ভোট নিয়ে তাদের মাতব্বরির কিছু নেই।

ভোটের পরিবেশে সন্তোষ জানিয়ে মন্ত্রী বলেন, আমি খুবই আনন্দিত। আজকের পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। এখনো বৃষ্টি শুরু হয়নি। এ ব্যাপারটা খুব ভালো লেগেছে। তবে কেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি।

দেশে এই প্রথম ইভিএমে ভোট দিলেন জানিয়ে এ কে আবদুল মোমেন বলেন, আমি আগে আমেরিকায় ইভিএমে ভোট দিয়েছি। তবে বাংলাদেশে এই প্রথম ইভিএমে ভোট দিলাম। এতে খুব ভালো লাগছে।

এ সময় মোমেন অভিযোগ করেন, বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়ত। ইভিএম পদ্ধতির ফলে সেই সুযোগ আর নেই বলে মনে করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।