রবিবার , ২৭ আগস্ট ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩০
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধ সিকৃবি শাখা 

মো. সাজিদ আল সাদেক  
আগস্ট ২৭, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি ) শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ আগস্ট) রাত ৯টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) টিএসসির ‘ছাত্র ও শিক্ষক’ সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, সিকৃবি শাখার সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন এর নেতৃত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ আগস্ট এই বৃহৎ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পাঁচ লাখের বেশি ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় , ছাত্র সমাবেশ সফল করতে এবং সারা দেশ থেকে শিক্ষার্থীদের ছাত্র সমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ এরইমধ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। সেই সঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, “আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে আগামী পহেলা সেপ্টেম্বরে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশকে সফল করতে সিকৃবি শাখা ছাত্রলীগের আজকের এই প্রস্তুতিসভা। এই প্রস্তুতি সভায় আমরা একটি কথার জানান দিতে চাই, আমাদের আগামীর লড়াই একটি লড়াই জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার লড়াই। আমরা সিকৃবি শাখা ছাত্রলীগ এই প্রস্তুতি সভার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের এই মহাসম্মেলনকে সফল করতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করেছি।”

অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখার সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন বলেন, “আগামী পহেলা সেপ্টেম্বরের বাংলাদেশ ছাত্রলীগের এই মহাসমাবেশের সফলতা নিশ্চিত করতে সিকৃবি শাখা ছাত্রলীগের এই বিশেষ প্রস্তুতি সভা। আমরা এই মহাসমাবেশের গর্বিত অংশীদার হতে মুখিয়ে আছি। বাংলার ছাত্রসমাজ যে সঠিক পথে আছে তার প্রমাণই হবে পহেলা সেপ্টেম্বরের এই মহাসমাবেশের সফলতার মাধ্যমে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।