বুধবার , ৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

নাজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষ : স্বজনদের কাছে লাশ হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
জুন ৭, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭জুন) দুপুরে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয় বলে জানান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে ও আহতদের পরিবারে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।

বুধবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় বালুবাহি ট্রাক ও নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপের সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ১৪ জন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের মিয়া (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। হতাহতদের সকলেই নির্মাণশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

দুপুরে লাশ হস্তান্তরকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত-নিহতদের স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠেছে হাসপাতালের পরিবেশ। হাসপাতালের হিমঘরের পাশে স্বজনদের ভিড় লেগে আছে। মাটিতে গড়াগড়ি করে কাঁদছেন তাদের অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।