ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ১১জন ও মেডিকেলে এসে আরও ৩জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। এর মধ্যে ১৩ জুন পুরুষ ও ১জন নারী।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৫ দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট মহানগর থেকে পিকআপে (সিলেট-ন ১১-১৬৪৭) করে প্রায় ২৪/২৫ জন নারী-পুরুষ নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছলে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৭৮০) সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরও তিনজন।
নিহত ১৪ জন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০), হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।
নিহত স্বজনদের আহাজারিতে ওসমানী মেডিকেলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু স্বজনদের আহাজারি।
