বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৯

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু, আহত-২

জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ২০, ২০২৩ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও ২জন। নিহত যুবকের নাম রুবেল হোসেন (২২)। তিনি উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার লালাখাল সারী নদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- উপজেলার উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সারী নদী সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এত রুবেল এবং আব্বাস মিয়া ও মিজান মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত গিয়ে তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে আহত অপর দুজন বিজিবির হাতে আটক হওয়ার ভয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কমান্ডারকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্তে গুলিতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।