সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলার পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের নেতৃত্বে অভিযানে পল্লী বিদ্যুৎ, পুলিশ ও আরএনবি সদস্যরা অংশ নেন।
জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট সফর কালে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পাথর ভাঙ্গার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এর পর সিলেটের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার জানান, অবৈধ পাথর ভাঙ্গার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
এত ক্রাশার মিলে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, এটা বিদ্যুতের কর্তৃপক্ষ বলতে পারবে।
