সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পর প্রত্যাখ্যাত হয়ে শাহিনা আক্তার মিনহা (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাহিনা আক্তার মিনহা (১৯) উপজেলার চাটিবহর তেলিখালের জাহির আলীর মেয়ে। আর অভিযুক্ত নোমান আহমদ একই গ্রামের আবরু মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চাটিবহর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাটিবহর গ্রামের মিনহার সাথে একই গ্রামের নোমান আহমদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে গত কয়েকদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে তার বাড়ি থেকে বের করে নিয়ে যান ওই যুবক। তবে কিছু দিন পর অভিযুক্ত যুবক ও তার পরিবার তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তাকে ফেলে সটকে পড়ে।
আরও জানা যায়, কাঙ্ক্ষিত অধিকার ও সম্মান হারিয়ে মানসিকভাবে চরম ভেঙে পড়েন ওই তরুণী। পরবর্তীতে নিজ বাড়িতে ফিরে গভীর হতাশা ও সামাজিক গ্লানি সহ্য করতে না পেরে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
