সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মদসহ আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের কালাসাদেক এলাকায় সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাজিদ সাকিব (২২) ও নাজমুস সাকিব (২১)। তারা দুজনেই শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। তিনি বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার প্রাথমিক তথ্যবিবরণী থেকে জানা যায়, অবৈধভাবে বিক্রয়ের জন্য ১৪টি মদের বোতল বহন করে নিয়ে যাচ্ছিলেন ওই দুই শিক্ষার্থী। পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, তাদের একজনের বাড়ি ঢাকায়। অপরজনের ময়মনসিংহ।
