দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকি করছে সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরের কালিঘাট, কাজির বাজার এবং রিকাবীবাজার এলাকার বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিক্রেতা দোকান পরিদর্শন করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকিতে অভিযান অব্যাহত থাকবে। এসময় কাউকে জরিমানা করা হয়নি। তবে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
