সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলাম মোহিন (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও ৪জন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম মুহিনের পরিবারের ঘনিষ্ঠজন সাংবাদিক আব্দুল মুকিত অপি।
নজরুল ইসলাম মুহিন সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার ঐক্যাতন ২১৫/৩ এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
এর আগে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও পরদিন (১২ সেপ্টেম্বর) বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) মারা যান। এরপর গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর পৃথক সময়ে সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁও গ্রামের বাদল দাস (৪২) নামে দুজন মারা যান।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।
