সিলেট নগরের পায়রা আবাসিক এলাকা থেকে ২১ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাচালানপণ্য পরিবহণের দায়ে ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পায়রা আবাসিক এলাকাস্থ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সামনে থেকে পিকআপ ভর্তি এসব ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির মূল্য প্রায় এক লক্ষ পনের হাজার পাঁচশত টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের মৃত মানা উল্লাহ’র ছেলে আব্দুল হামিদ (৪১), একই উপজেলার ছনবাড়ী গ্রামের মৃত সতিশ দাসের ছেলে স্বপন দাস (৩৫) ও বর্ণি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে পিকআপ চালক জিয়াউল হক (২৭)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, উল্লেখিত আসামীগণ দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সরকারের শুল্ক কর ফাঁকি দিয়া অবৈধভাবে বাংলাদেশে এনে সিলেট শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন।
