কর্মস্থলে হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার দুপুর সোয়া ১টায় তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমান্ত মজুমদার জানান, কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। বিকেল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক যথারীতি দায়িত্ব পালন করবো।
কর্মসূচি প্রত্যাহারের পর ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি। এছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু অবকাঠামো ও সিস্টেম পরিবর্তনসহ বেশকিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা থেকে হাসাপাতালটির পরিচালকের সঙ্গে টানা ৩ ঘণ্টা বৈঠক করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বৈঠক শেষে তারা তাদের নিরাপত্তা আরও জোরদারের দাবিতে বুধবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
উল্লেখ্য, সোমবার বিকেলে চিকিৎসারত অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হুমকি দেন। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়।
উল্লেখ্য, সোমবার চিকিৎসারত অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের লাঞ্ছিত করার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এঘটনায় পুলিশ সোমবার রাতেই চারজনকে গ্রেফতার করে।
