সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামী আজাদ মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ৫ বোতল ফেনসিডিল ও ৩০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আজাদ মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া (মাঝেরগাঁও) গ্রামের মৃত্যু আকরাম আলী’র ছেলে। আজ বুধবার (১৬ আগস্ট) ভোর ৭টায় থানার এএসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তার এলাকা থেকে আজাদ মিয়া’কে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর একটি মামলায় উক্ত সাজা প্রদান করা হয়। পরবর্তীতে আসামীকে যথাযথ পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় এসআই শরীফুল ইসলাম সঙ্গীয় এসআই জনার্দন তালুকদার ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মাদকবিরোধী অভিযানে ৫ বোতল ফেনসিডিলসহ মোছাঃ রিনা বেগম (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। সে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুনবাজারের মৃত্যু রহমত উল্লাহ’র স্ত্রী। তিনি বর্তমানে ঢাকা মোহাম্মদপুরের সুইপার কলোনিতে বসবাস করেন। সে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-১৪, ০৬/০৮/২০২৩, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক)।
এছাড়াও বুধবার (১৬ আগষ্ট) দুপুর ৩টায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন’র সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বর্ণি বড় হাওরে অভিযান চালিয়ে ৩০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এমদাদ মিয়া (২৫) নামের একজনকে আটক করা হয়। সে উপজেলার গৌরিনগর গ্রামের জৈইন উদ্দিনের ছেলে। চিনি গুলো কোম্পানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া থানার ওসি (তদন্ত) আল আমিন।
এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, মাদক, চোরাকারবারিদের বিরোধে আমাদের জিরো টলারেন্স, আমরা খুবই সচেতন। গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
