সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গত কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী নারী-পুরুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকেই ঘরোয়াভাবে ও পল্লী চিকিৎসা নিয়েও সুস্থ না হয়ে শেষমেশ শরণাপন্ন হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
চিকিৎসা নিতে আসাদের মধ্যে প্রায়ই জ্বরের রোগী বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নিয়াজ ফারুক চৌধুরী।
তিনি বলেন, জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা প্রায় সবাইকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরামর্শ দেয়া হচ্ছে।তবে ভয়ে সবাই টেস্ট করাতে চায় না। গত তিনদিনে ৪ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, একজন ভর্তি রয়েছেন। তার অবস্থাও ভালো। ডেঙ্গু আক্রান্ত রোগীরা অন্য জেলা থেকে আগত।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামরুজ্জামান রাসেল গত তিনদিনে ৪জন ডেঙ্গু রোগে আক্রান্ত বলে জানান। তিনি বলেন, সরকার নির্ধারিত ৫০ টাকা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। চাহিদা অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সরবরাহ রয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এর থেকে সুস্থ হতে চিকিৎসার প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
