এবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আলোচিত ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আবদুল্লাহের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন সাঈদ আব্দুল্লাহকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর পক্ষে থাকা আইনজীবী মো. নাসির উদ্দিন।
এর আগে সোমবার (২৪ জুলাই) নির্বাচনকালীন সময়ে অস্ত্রের মহড়ার অভিযোগে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন।
কাউন্সিলর আফতাব উদ্দিন খানের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার মামলায় সাঈদ আব্দুল্লাহসহ ১১ জন উচ্চ আদালত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ডাইরেকশনে ছিলেন। আদেশ মোতাবেক আসামীরা সিলেট মহানগর দায়রা জজের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
তিনি আরও জানান, সাঈদ আব্দুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে জামিন বাতিলের শুনানীতে তিনি এবং আইনজীবী এ এইচ এম ওয়াসিম, আশিষ দে উপস্থিত ছিলেন।
