পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়, তারা নিজেদের সম্রাট মনে করে।
আজ শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আর আমাদের দেশে কে কী করল সাথে সাথে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই।
পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন- মিহিরকান্তি চৌধুরী (লোকসংস্কৃতি), পূর্ণিমা দত্ত রায় (কণ্ঠসংগীত), চম্পক সরকার (নাট্যকলা), জ্যোতি ভট্টাচার্য্য (আবৃত্তি) ও মো. মিনু মিয়া (যন্ত্রসংগীত)।
