রবিবার , ১৬ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সুশীল সমাজের সাথে ইইউ প্রতিনিধি দলের দফায় দফায় সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৬, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। সেখানে তারা নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। সুশীল সমাজের সদস্যরা তাদের নিজ নিজ পর্যবেক্ষণ জানিয়েছেন।

রোববার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে ইইউ অফিসে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ডা. মাহফুজ কবিরের সঙ্গে।

দ্বিতীয় দফায় প্রতিনিধি দল মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করে। এছাড়া বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সঙ্গেও বৈঠকে বসে ইইউ প্রতিনিধি দল। এদিন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গেও বৈঠক হয়েছে ইইউ প্রতিনিধিদের।

বৈঠক শেষে ড. মাহফুজ কবির সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধিদল বর্তমান নির্বাচনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিয়েছে। আমি তাদের বলেছি, এখন রাজনৈতিক পরিস্থিতি শান্তি ও সহিংসতামুক্ত। নির্বাচনের আগে ইইউর উচিত একটি পর্যবেক্ষকদল পাঠানো।

বৈঠক শেষে আদিলুর রহমান খান বলেন, মানবাধিকারকর্মীদের নামে মামলা দিয়ে, মানবাধিকার সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করে ও মানবাধিকার লঙ্ঘন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটাই আমি প্রতিনিধিদলকে জানিয়েছি।

বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান ব্যবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা হবে কি না সন্দেহ আছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন জাতির আশা- সেটিই তাদের জানিয়ে এসেছি।

তবে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ কিংবা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে জানান সুশীল সমাজের এই প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।