সিলেটে দিনদিন বেড়ে চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেটের ৩ জন ও হবিগঞ্জের ৪ জন এবং ১ জন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
বুধবার (১২ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ডেঙ্গুতে আক্রান্ত ১০৩ জনের মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে মৃত্যু না হলেও এ বছর জানুয়ারি থেকে জুলাই এর ১২ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় সিলেটে ডেঙ্গুঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগের অভিযানে নগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে নির্মাণাধীন ক্যান্সার ভবনে প্রচুর পরিমাণে এডিসের লার্ভা পাওয়া যায়।
এছাড়া রাগীব রাবেয়া হাসপাতাল এলাকা, ২৬নং ওয়ার্ড, ১০নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের কয়েকটি জায়গাও এডিসের লার্ভার সন্ধান পেয়েছে বলে জানান সিসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা। যদিও সাথে সাথে সেসব লার্ভা ধ্বংস করা হয়েছে। এরপরও সিলেটজুড়ে ডেঙ্গু আতঙ্ক বেড়েই চলেছে।
