হজ কার্যক্রম শেষ হয়েছে। হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট রবিবার (২ জুলাই ) শুরু হচ্ছে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ১,২২,৮৮৪ জন সৌদি আরব গেছেন।
এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫ জন পুরুষ ও আটজন নারী।
এয়ারলাইন কর্তৃপক্ষ হজযাত্রীদের এ বছর তাদের লাগেজে বোতলজাত জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে।
তারা বলেছে, হজযাত্রীদের সৌদি আরব পৌঁছে দেওয়ার পর কর্তৃপক্ষ খালি ফ্লাইট নিয়ে ফেরার সময় জমজমের পানি এনেছিল।
বর্তমানে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে সকল হজযাত্রীদের জন্য জমজমের পানি মজুদ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক হজযাত্রী পাঁচ লিটার জমজমের পানি পাবেন।
কোনো হজযাত্রীর লাগেজে জমজমের পানি পাওয়া গেলে তারা সেই ব্যাগ সৌদি আরবে রেখে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
সৌদি আরব থেকে উট ও দুম্বার হিমায়িত কাঁচা মাংস আনাও নিষিদ্ধ বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
