শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দিলে পরে তর্কাতর্কির একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও স্থানীয় বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তবে সংঘর্ষে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
