সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) রাতে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই’র দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার বিষয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। এটা শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। পরে বাড়ির সামনে মাদ্রাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
