সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বর্তমানে দুই চালক পলাতক রয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) আবুল হোসেন গতরাত ১টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলায় দুই চালকে দায়ী করা হয়েছে। মামলার আসামীরা গা ঢাকা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় পুলিশ ড্রাইভারসহ কাউকে ছাড় দেবে না। প্রয়োজনে ওসমানীনগরের বাড়ির মালিকেরও এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খুঁজে দেখা হবে। বাদী ইজাজুলের পিতা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানান তিনি।
সিলেটে বুধবার ভোরে নিহত ১৪ জনের মধ্যে দিরাইয়ের ৯জন, দক্ষিণ সুনামগঞ্জের ৩ জন, নেত্রকোনার একজন ও হবিগঞ্জের একজন শ্রমিক রয়েছেন। তিনি বলেন, ফাঁকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে ছিলেন।
