পুরোপুরি বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। আজ সোমবার (৫ জুন) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী গণমাধ্যমকে জানিয়েছেন।
গত কয়েক দিন ধরেই দেশে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়টি আলোচনা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও কেন্দ্রটি বন্ধের কথা জানিয়ে বলেছিলেন, ‘জ্বালানি সংকটের কারণে ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’ ২৫ দিনের জন্য বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর বিল বকেয়া পড়েছে ৩০০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সময় মতো ডলার ছাড় করতে রাজি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। গত মাসে চীনা বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলে বিপদে পড়ে পায়রা। তখন থেকে বাংলাদেশ ব্যাংক তৎপর হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
এই অবস্থায় পায়রা পুরোপুরি বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির গত ২৫ মে প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। আজ বাকি আরেকটি ইউনিটও বন্ধ হলো।
