আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হামলায় আহতরা হলেন- বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান আহমদ, উপজেলার দেওকলস ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, নোমান আহমদ ও এনামুল হাসান। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কামরান আহমদ ও লায়েক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে যেতে ছাত্রলীগের পক্ষ থেকে বারণ করা হয়েছে। কলেজে পরীক্ষা শুরু হওয়ায় আমরা অধ্যক্ষের সাথে আলোচনা করে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলি। আর এ সুযোগকে কাজে লাগিয়ে আজ (বৃহস্পতিবার) পরীক্ষা শেষ হওয়ার পরপরই ছাত্রলীগ আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের ৫/৬ জন নেতাকর্মী আহত হয়েছে।’
হামলার ব্যাপারে ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন বলেন, ‘কলেজের শান্ত পরিবেশকে অশান্ত করতে কিছু দিন ধরে বিশৃংখলা করার অপচেষ্টা করে আসছে ছাত্রদল। (বৃহস্পতিবার) পরীক্ষা শেষে কিছু অছাত্র-বহিরাগতরা কলেজে প্রবেশ করে ছাত্রদলের সাথে মিশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় কটুক্তি করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিহত করে।’
বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে গন্ডগোল হচ্ছে দেখে আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করি।’
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
