প্রার্থী হচ্ছেন না সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর রেজিস্ট্রি মাঠে শনিবার বিকেলে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি। সমাবেশে দেয়া বক্তৃতায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
বিকেল ৩টা থেকে শুরু হওয়া সমাবেশে একমাত্র বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ‘প্রহসনের নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নই উঠে না’ উল্লেখ করে বলেন, নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও দরগাহ মাদ্রাসার মুহতমীম(সদ্য প্রয়াত) মাওলানা মুহিবুল হক গাছবাড়ি পরামর্শ দিয়েছেন। তাদের কথা আমার কাছে শিরোধার্য। এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে দলের নেতা-কর্মীদেরকেও নির্বাচনে অংশ না নেয়ার অনুরোধ তার। দলের নেতা-কর্মীদের রক্তের সাথে বেঈমানী করে নির্বাচনে প্রার্থী হতে পারি না-এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই নির্বাচন, নির্বাচন নয়, কেউ নির্বাচনে যাবেন না।’ ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) নিয়েও কথা বলেন আরিফ।
