সিলেটের রাতারগুলের (সোয়াম্প ফরেস্ট) পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শামীম আহমদ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে। সে সিলেটের একটি স্কুল থেকে সদ্য এসএসসি উত্তীর্ণ হয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীম সহ চার বন্ধু। এরপর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে এসময় অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল । সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নেমেছিল তারা। এসময় শামীম পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার তাকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, শুক্রবার রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ শনিবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের অনুরোধ জানালে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।
