হবিগঞ্জ জেলা শহরের হরিপুর এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা বাবা-মায়ের পাশ থেকে তাদের ২১ দিন বয়সী কন্যা সন্তান চুরি হয়ে গেছে। নবজাতকের নাম নুসরাত জাহান ফাতেমা। বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। একমাত্র মেয়ে হারানোর শোকে তারা এখন পাগলপ্রায়।
শিশুটির বাবা মো. বাবুল মিয়া এ বিষয়ে রোববার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুরি যাওয়া নবজাতক উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান।
পরিবারের বরাত দিয়ে জানান, ওই দম্পতি গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল ও একুশ দিনের ফারজানাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মা ভোর ৪টার দিকে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন সে খাটে নেই এবং ঘরের জানালা খোলা। এরপর থেকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর নবজাতকটিকে উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। কেউ যদি চুরি করে থাকে, তাকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
