সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিকের প্রাণহানির ঘটনায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসানকে সভাপতি করে গঠন করা হয়েছে এ কমিটি। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিলেটের জেলা প্রশাসক এ কমিটি গঠন করেছেন।
এডিএম ছাড়াও কমিটির অপর সদস্যরা হলেন-সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশণার ও সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, সড়ক ও জনপথ(সওজ)-এর উপ-বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি। বিআরটিএ সিলেট-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
গত রবিবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারের কুতুবপুর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর ৩ জন এবং সোমবার চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় হাসপাতালে আরো ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জুয়েল চৌধুরী।
