বুধবার , ২৪ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে চালু হলো আরেকটি বর্ডার হাট

সুনামগঞ্জ প্রতিনিধি:
মে ২৪, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বুধবার আরেকটি বর্ডার হাট চালু হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয় রাজ্যের নালিকাটা নামক স্থানে এ বর্ডার হাটটির উদ্বোধন হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় তিনটি বর্ডার হাট চালু হলো।
এ উপলক্ষে সকাল থেকে তাহিরপুর সীমান্তে দু’দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় ।
বুধবার দুপুর সাড়ে বারোটায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও ভারতের মেঘালয় সাউথ খাসি হিলস এমএলএ পিয়ূস মারওয়ান অন্য অতিথিদের সঙ্গে নিয়ে এ বর্ডার হাটের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর পরই দু’দেশের ব্যবসায়ীরা নির্ধারিত পণ্য নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন এবং দু’দেশের মুদ্রায় শুরু বেচাকেনা কার্যক্রম শুরু হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাটটি বসবে। বর্ডার হাটে প্রাথমকিভাবে উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে। ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন এবং একজন ক্রেতা সর্বোচ্চ দুইশত মার্কিন ডলারের (২১ হাজার পাঁচশত টাকা) পণ্যসামগ্রী কিনতে পারবেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জ (সংরক্ষিত) মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমূখ। এসময় জনপ্রতিনিধি, উভয় দেশের প্রশাসনের কর্মকর্তা ও বর্ড়ার হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তাহিরপুর সীমান্তে দু’দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ে এক যৌথসভায় আগামী ২৪ মে বর্ডার হাট চালুর সিদ্ধান্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।