সিসিক নির্বাচনে মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ আজ মঙ্গলবার। এদিকে, সোমবার পর্যন্ত তিনজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী সামছুন নূর তালুকদার ও আব্দুল মান্নান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সোমবার পর্যন্ত মেয়র পদে ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র ক্রয় করেন।
উল্লিখিত তিনজন ছাড়াও মেয়র পদে এ পর্যন্ত-মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, , মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা মনোনয়নপত্র কিনেছেন।
