সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হারুন মিয়া (৩৬) মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে হারুনকে হামলা চালাতে দেখা গেছে। বাকি অভিযুক্তদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি আলী মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও তাঁর ছেলেসহ অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। ঘটনার দুদিন পর রজতকান্তি গুপ্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
