শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দ্বিতীয়বারের মতো ঘোষণা দিয়েও সমাবেশ করতে পারেনি জামায়াত

ডেস্ক রিপোর্ট
জুলাই ২১, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দ্বিতীয়বারের মতো ঘোষণা দিয়েও সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করার কথা ছিলো জামায়াতের। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এবারও তারা সমাবেশে করতে পারেনি। এর আগে প্রথমবার গত ১৫ জুলাই ১০ দফা দাবিতে একই কারণে সমাবেশ না করতে পেরে জামায়াত শুক্রবার ফের সমাবেশের ডাক দিয়েছিলো। তবে এবার ‘ব্যর্থ’ হয়ে আর কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি।

‘নাশকতার আশঙ্কায়’ পুলিশের কাছ থেকে ১৫ জুলাই ও ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই কঠিন সময়ে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচী নিয়ে রাজপথে রয়েছে। নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ, ঘন ঘন লোডশেডিং, দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানীর মূল্যবৃদ্ধির ফলে নাগরিক জীবন অতিষ্ঠ, বিদেশে পাচারকরা টাকা দেশে ফিরিয়ে আনা ও পাচারকারীদের শাস্থি প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক দমন পীড়ন বন্ধ ও বন্ধ করে দেয়া ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সমূহ খুলে দেয়া সহ জনসংশ্লিষ্ট ১০ দফা দাবীতে পুলিশ কর্তৃক ২য়বারের মতো জামায়াতের জনসভায় অনুমতি না দেয়ার ঘটনায় সিলেটবাসী বিস্মিত। এর মাধ্যমে আরেকবার প্রমাণ হলো দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নেই বললেই চলে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী ও সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম প্রমূখ।

লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ১ম বার গত ১৫ জুলাই শনিবার বেলা ২টায় সিলেট মহানগর জামায়াতের শান্তিপূর্ণ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে শুক্রবার রাতে এসএমপির পক্ষ থেকে জনসভার অনুমতি

দেয়া হয়নি বলে আমাদেরকে মৌখিকভাবে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে ১৫ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় এবং ২১ জুলাই শুক্রবার জনসভার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়। পুনরায় এসএমপি কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভার ব্যাপারে অনুমতি ও সহযোগিতা কামনা করে আবেদন করা হয়।

২০ জুলাই বৃহস্পতিবার আমাদের নগর জামায়াতের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং জনসভা সফলে অনুমতি সহযোগিতার জন্য আবারো অনুরোধ করেন। কিন্তু বিস্ময়ের বিষয় যে, বৃহস্পতিবার রাত পর্যন্ত আমাদের জনসভার অনুমতি দেয়া হয়নি। সিলেটে ২য় বারের মতো জনসভার অনুমতি না দেয়ায় উদ্ভুত পরিস্থিতিতে আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ১৫ জুলাইয়ের রেজিস্ট্রারি মাঠের জনসভা উপলক্ষে আগের দিন শুক্রবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ও সিলেট জামায়াত নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন শেষে ফেরার পথে ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরদিন পুরনো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার সকাল থেকেই সিলেটের রেজিস্ট্রি মাঠের আশপাশ এলাকাসহ মহানগরের বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।