বুধবার , ১৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এইচএসসি পরীক্ষায় বসছেন ৮৩ হাজার শিক্ষার্থী

সিলেটের সকাল রিপোর্ট
আগস্ট ১৬, ২০২৩ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সারাদেশের ন্যায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে অংশগ্রহণ করবেন ৩০৮টি কলেজের ৮৩ হাজার ২২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ২৬০ জন এবং মেয়ে ৪৮ হাজার ৯৬৪ জন। সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ এ তথ্য জানিয়েছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সমন্বয় সভা এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও বৈঠক করা হয়েছে। গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম।

এছাড়া, কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারী থাকবে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া জেলাওয়ারি কলেজ সংখ্যা সিলেটে ১৫০, হবিগঞ্জে ৪৯, মৌলভীবাজারে ৪৯ এবং সুনামগঞ্জের ৬০টি।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এরমধ্যে সিলেট জেলায় কেন্দ্রসংখ্যা ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

এদিকে এইচএসসি, আলিম, ভোকেশনাল পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারী করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট- পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।