হযরত শাহ্জালাল (রহ.) ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন একই কলেজের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজ্ঞাপনের আলোকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার রায়ের দায়িত্ব পালনের সুযোগ না থাকায় সম্প্রতি অনুষ্ঠিত গর্ভণিং বডির সভায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়।
সুনাগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামর নিবাসী অধ্যক্ষ (ভার.) মো. সাখাওয়াত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯৬ খ্রি. এমএ সম্পন্ন করে ১৯৯৭ খ্রি. জৈন্তাপুর উপজেলার হযরত শাহ্জালাল (রহ.) ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে যোগ দেন।
২ জুলাই থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। প্রথম কর্মদিবসে অধ্যক্ষ (ভার.) মো. সাখাওয়াত হোসেনকে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে বরণ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. সাখাওয়াত হোসেন বলেন, একজন শিক্ষকের মনেপ্রাণে থাকে তার ছাত্র-ছাত্রী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। তিনি রাত দিন কিভাবে তার ছাত্র-ছাত্রীদের মননশীলতা এবং শিক্ষার মান উন্নয়ন করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন। আমিও এর থেকে ব্যতিক্রম নই। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
