বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্মাণ কাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। একইসাথে শনিবার (২২ জুলাই) নিহত শ্রমিক আরিফুল হকের ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানায় এ জোটের নেতারা।
রোববার (২৩ জুলাই) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রিম মিউজিক্যাল ক্লাবের সভাপতি শাহাদাত আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় মাসের ব্যবধানে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিকদের পরিপূর্ণ নিরাপত্তাহীনতার দরুন বারবার শ্রমিকদের প্রাণহানির ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকল শিক্ষার্থীদের জন্য তীব্র লজ্জা ও নিন্দাসূচক। এরই পরিপ্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা প্রদানে প্রশাসনের অবহেলার দরুন এই আকস্মিক মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিহতদের পরিবারকে এর যথাযথ ক্ষতিপূরণ প্রদানের তীব্র দাবি জানাচ্ছে।
