মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে : বিদেশ পালানোর পথে আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৮, ২০২৩ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি মইনুল হককে ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। মইনুল হক (৩৭) দ্বীন ইসলাম গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাঁকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানাপুলিশের কাছে সোপর্দ করে।

গত ৯ জুলাই বিকেলে শান্তিগঞ্জের হাসনাবাদ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দ্বীন ইসলাম ও মালদার মিয়া গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন (১০ জুলাই) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুইপক্ষের তিন নিহত হন।

দ্বীন ইসলাম গোষ্ঠীর নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়া গোষ্ঠীর মইনুল হকসহ ৯৪ জনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি বেনাপোল পোর্ট থানাপুলিশের হেফাজতে আছেন। সংশ্লিষ্ট থানায় তাঁকে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।