সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তার বাসা এবং বাসা সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ মে) রাত ১০টায় জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
কোনো ধরনের মৌখিক বা লিখিত নোটিশ ছাড়াই রাতের বেলা আনসার সদস্যদের প্রত্যাহার করে প্রচ্ছন্ন হুমকি দেয়া হয়েছে দাবি করে মেয়র অভিযোগ করে বলেন, আসন্ন সিটি নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এ অবস্থায় ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়রের ব্যক্তিগত নিরাপত্তায় কোনো পুলিশ বরাদ্দ না থাকায় সিটি করপোরেশনের পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ বছর ধরে অনুমোদন নিয়ে মেয়রের নিরাপত্তার স্বার্থে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। এ জন্য প্রতি মাসে পরিশোধ করা হত নির্দিষ্ট ফি।
খবর পেয়ে রাতেই মেয়রের বাসভবনে ভিড় করেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে জেলা আনসার কমান্ডার জানিয়েছেন, নিয়ম মেনেই যে সব স্থানে অনুমোদনহীন নিরাপত্তা ব্যবস্থা ছিল তা তুলে নেয়া হয়েছে।
