চিকিৎসারত অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের লাঞ্ছিত করে হামলার চেষ্টা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে বুধবার বেলা ১২ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তারা।
এর আগে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে পরিচালকের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়টি তুলে ধরেন। নিজেদের দাবি বুধবার ১২টার মধ্যে পূরণ না হলে কর্মবিরতি চলবে বলেও জানান তারা। হাসপাতালের পরিচালক তাদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলেও আরও দ্রত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে সুনির্দিষ্ট ঘোষণা চান ডাক্তাররা। এ অবস্থায় তিন ঘণ্টা আলোচনা শেষে হাসপাতালের পরিচালক বৈঠক সমাপ্ত করে কনফারেন্স হল ত্যাগ করেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেখানে আগামীকাল ১২ টার মধ্যে তার দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস প্রদান করেন ওসমানী হাসপাতালের পরিচালক। যদি আমাদের চোখে তা পরিলক্ষিত হয়, তবে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিবো।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ৩ ভাই কুচাই নোয়াগাও এলাকার সাহাব উদ্দিনের ছেলে জুবেল আহমদ (২৭), জুয়েল আহমদ (২৩), সাবেল আহমদ (২১) ও একই গ্রামের মৃত বাতির আলীর ছেলে আব্দুল মালিক (৫৪)।
এ ঘটনায় মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে সোমবার চিকিৎসারত অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের মারধোর করেছেন বলে ডাক্তারদের অভিযোগ। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এঘটনায় পুলিশ সোমবার রাতেই চারজনকে গ্রেফতার করে।
