সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। গতকাল শুক্রবার (৯জুন) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী, ৪নং রামপাশা, ৫নং দৌলতপুর, ৬নং বিশ্বনাথ ও ৭ নং দেওকলস ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭জুলাই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ উপজেলার এই ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছিলেন ১১ জন নেতা। ওই ৫ ইউনিয়নের মধ্যে আবার উপজেলার অলংকারী ও বিশ্বনাথ ইউনিয়নে একক প্রার্থীরা আবেদন করেছেন। আর রামপাশা ইউনিয়নে ৪ জন, দৌলতপুর ইউনিয়নে ২ জন ও দেওকলস ইউনিয়নে ৩ জন নেতা নৌকার মাঝি হতে ফরম ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন।
৩নং অলংকারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহ তাজুল ইসলাম মাইকেল। তিনি অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক। দীর্ঘদিন আমেরিকায় থাকলেও নির্বাচনকে সামনে রেখে তিনি দেশে এসে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করেন।
৪ নং রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী। ৫ নং দৌলতপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ৫নং ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহাব আলী।
৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ৫নং ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ।
৭ নং দেওকলস ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- বিশ্বনাথের ঐ ৫ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
