ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একজন স্থায়ী শ্রমিক ও পৌরসভার নোয়ারাই এলাকার বাসিন্দা মৃত উমর আলীর পুত্র। বিল থেকে তার লাশ উদ্ধার নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) সংলগ্ন ডাকারখেউ বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, দুপুরে বিলে লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকিরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
আছির আলীর পরিবার সুত্র থেকে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এভাবে তিনি প্রায়ই কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তারা ভাবছেন তিনি হয়তো কোন আত্মীয় বাড়ি চলে গেছেন। গতকাল দুপুরে খবর পেয়ে পরিবারের লোকজন বিলে গিয়ে আছির আলীর লাশ শনাক্ত করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হবে।
