সুনামগঞ্জের ছাতকে সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না থাকার কারনে ১৪ জন শিক্ষক-শিক্ষিকাকে শো-কজ করা হয়েছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া লিখিতভাবে তাদের শো-কজ করেন।
যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার কারনে ৬ জন প্রধান শিক্ষক ও ৮জন সহকারী শিক্ষককে গণকর্মচারী শৃঙ্খলা (সময়মত উপস্থিত) অধ্যাদেশ ১৯৮২ এর ৬ ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ করেছেন বলে তাদের বিরুদ্ধে কারন দর্শানো নোটিশ প্রেরন করা হয়। নোটিশ প্রদানের ৭ কার্য দিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নোটিশে বলা হয়েছে। অন্যথায় এসব শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের কথাও নোটিশে বলা হয়।
যেসব শিক্ষককে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে তারা হলেন, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরতুজ আলী, কামরাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত, সদুখালী-নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরিফা বেগম, গদারমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আক্তার, বড়পলিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুলসী রানী দেবনাথ, চরবাড়–কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পান্না বেগম, গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমেনা বেগম, সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, গদারমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু শেখর দাস, সহকারী শিক্ষক কবির আহমদ, ভাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নসিরা বেগম, ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষিকা হাসনা বেগম ও গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা বেগম।
সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া মোবাইল ফোনে শিক্ষককদের অবস্থান জানতে চান। এসময় শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি মোবাইল হোয়াটসআপ’র মাধ্যমে ভিডিও দেখাতে বলা হয়। অভিযুক্ত ১৪জন শিক্ষক-শিক্ষিকা যথাসময়ে বিদ্যালয়ে তাদের অবস্থান নিশ্চিত করতে না পারায় গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তাদের শোকজ করা হয়।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান জানান, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
