কোম্পানীগঞ্জে ব্রেক ফেল করে ট্রাক্টর খাদে পড়ে আশিক আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুরারপাড় – মুরারগাঁও গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক আলী মুরারগাঁও গ্রামের আত্তর আলীর পুত্র। এ ঘটনায় আহত ব্যক্তি জমির (৫০) একই গ্রামের সোনাফরের পুত্র। তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, ফুরারপাড় – মুরারগাঁও সড়কে দুটি ট্রাক্টর মাটি পরিবহন করছিল। হঠাৎ একটি ট্রাক্টরের ব্রেক কাজ করছিল না। চালক গাড়িটি থামানোর চেষ্টা করছিলেন আর চিৎকার করছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে রাস্তার পাশে থাকা আশিক ও জমির এগিয়ে আসেন। নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি নিয়ে খাদে পড়েন। এতে গাড়ির নিচে চাপা পড়েন আশিক ও জমির। জমির কোনোরকম বেঁচে গেলেও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান আশিক। ঘন্টা-দুয়েক পর সিলেট ফায়ার সার্ভিসের একটি টিম আশিকের লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে।
