মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৫
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৫ পরিবার

আবিদুর রহমান
আগস্ট ৮, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ১৫টি ঘর ভূমিহীনদের নিকট হস্তান্তর করা হবে। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়ণের ঘর হস্তান্তর করবেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ২৩৩ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। বুধবার আরও ১৫টি পরিবার পাবেন ঘর। উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার ঘর পাচ্ছেন তেলিখাল ইউনিয়নের চাটিবহর ছড়াটিল্লা গ্রামের রেজাউল করিম, জফুর আলী, জবর আলী, নিজাম উদ্দিন, আবু বাক্কার, ইসলাম উদ্দিন, আফরোল মিয়া, হুছন আলী, নুর উদ্দিন খাঁ, ফজল উদ্দিন, মুসলিম আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়নের লোভাহাওর গ্রামের কুহিনূর আলম ভূঁইয়া, হুমায়ুন কবির ভূঁইয়া, আঙ্গুরা বেগম ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের ফরিদ মিয়া।

সর্বশেষ এই পনেরটি ঘরের প্রত্যেকটি ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকায় তৈরি করা হয়েছে। এর আগে প্রথম ধাপের প্রত্যেকটি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা, তৃতীয় ধাপের প্রত্যেকটি ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং চতুর্থ পর্যায়ের প্রথম ধাপের প্রত্যেকটি ২ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকায় নির্মাণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ২৫০টি, তৃতীয় ধাপে ৫৮টি ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২৫টি মিলে মোট ২৩৩টি ঘরসহ জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোপূর্বে হস্তান্তর করা হয়েছে। নতুন নির্মিত আরও ১৫টি ঘর বুধবার হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।