বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৩
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে বিদ্যালয়ের ভূমি নিয়ে সংঘর্ষে আটক-৫ : ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

#গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সিলেটের ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানার জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ব্যবহৃত গুলিসহ দেশীয় তৈরি পাইপগান ও ধারালোঅস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে অভিযান চালিয়ে উপজেলার হামতনপুর গ্রামের মতিউর রহমানের বসত ঘরের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় অস্ত্র -মারামারিসহ দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনার পর বুধবার রাতে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশ। অভিযানকালে মতিউর রহমানের ঘরের পাশ থেকে সংঘর্ষে ব্যবহৃত গুলিসহ দেশীয় তৈরি পাইপ গান, রামদা, লোহার পাইপ ও চাপাতি উদ্ধার করে পুলিশ। এছাড়া অভিযানকালে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ব্যক্তিকে আটক করা হয়। তবে ঘটনার মূলহোতা মতিউর রহমান পলাতক রয়েছে।

অস্ত্র উদ্ধার ও ৫ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, অস্ত্রধারী মতিউরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে এবং এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন করেছে হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শিবলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মতিউর রহমান গংরা দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের সীমানার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের সীমানার বেড়া উঠিয়ে সেখানে ময়লার ট্যাঙ্ক স্থাপন করে। এ বিষয় নিয়ে কথা বলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট অভিযোগ করে। জায়গা দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে আগামী ৭ আগস্ট ২পক্ষকে নিয়ে বসে সমাধান করার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। কিন্তু এর আগেই সে বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যালয়ের সামনে চলে আসে। এসময় শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এর প্রতিবাদ করলে মতিউর ও তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজন আহত করে। সংবাদ সম্মেলনে মতিউর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হামতনপুর গ্রামের অজিত সূত্রধর, আবদুল হামিদ, আনর আলী, হারুন মিয়া, মিলন মিয়া, হেমেন্দ্র সূত্রধর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।