উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা পেছানো অথবা ৫০ মার্কে পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে আড়াই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরের চৌহাট্টায় তারা এ কর্মসূচি পালন করেন। এই অবস্থান কর্মসূচিতে সিলেটের বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে তারা সড়ক থেকে সরে যান।
এসময় আন্দোলকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন- আমরা সিলেবাস সম্পূর্ণ করতে পারিনি। আমাদেরকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি। তাই পরীক্ষা পেছাতে হবে নতুবা যেসব বিষয় ১০০ মার্কের সেগুলোতে ৫০ মার্ক করতে হবে। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা।
অবস্থান কর্মসূচি পালনকালে সড়কে যানজটের সৃষ্টি হলে কোতোয়ালি থানা পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চায়। তবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা এসময় তাদের দাবি না মানা হলে সড়ক থেকে উঠবেন না বলে জানান। এসময় পুলিশ লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে অনুরোধ করে এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা কর্মসূচিস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ‘শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এবং এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ছাত্র-ছাত্রীরা দাবি জানান, তাদের পরীক্ষা পেছাতে হবে। এসময় আমি তাদের বলি- এ বিষয়ে তো আমাদের করণীয় কিছু নেই। তবে আপনারা লিখিত বা স্বারকলিপি দিলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে সহযোগিতা করবেন। এই আশ্বাসের প্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে ছাত্র-ছাত্রীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
