বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির লাশ শাহী ঈদগাহে, মানুষের ঢল

সিলেটের সকাল রিপোর্ট:
মে ১৮, ২০২৩ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নামাজে জানাজার জন্য সিলেট নগরীর ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার মুহতমিম, বিশিষ্ট বুজুর্গ মাওলানা মুফতি মো: মুহিব্বুল হক (গাছবাড়ি)-এর লাশ ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে আনা হয়েছে। দুপুর ১২টায় তাঁর লাশ শাহী ঈদগাহ মাঠে আনা হয়। লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার লাশ শেষবারের মতো দেখছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ মাঠেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহর উত্তর প্রান্তে মরহুমের লাশ রাখা হয়েছে। সেখানে নির্মিত হয়েছে একটি অস্থায়ী মঞ্চ। এ মঞ্চ থেকে আলেমরা বক্তব্য রাখছেন। সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে শাহী ঈদগাহ মাঠে আসতে দেখা গেছে।
বৃহস্পতিবার অজুশেষে মাগরিবের নামাজের প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সিলেটের সচেতন মহল ছাড়াও কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু সংবাদ শুনে বুধবার সন্ধ্যার পর থেকে বিপুল সংখ্যক মানুষ দরগাহ চত্বরে ভিড় জমান।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দরগাহ মাদ্রাসার মুহতমিম ছাড়াও মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (র.) ছিলেন সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়ার সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও সিলেট জেলা সভাপতি, সিলেটের প্রাচীন শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, খাদিমুল কুরআন পরিষদের সভাপতি, সিলেট জেলা উলামা কমিটির চেয়ারম্যান ও সিলেট জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।