বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ১৭ জন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
বৃহস্পতিবার (১লা জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: মাহবুবুর রহমান শেখ।
সদ্য পদোন্নতি অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিভিন্ন ক্যাটাগরিতে সাত বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছিলেন।
পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ তম ব্যাচে পুলিশে যোগ দেন। বর্তমানে সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ছিলেন।
