রবিবার , ৯ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

১২ জুলাই আন্দোলনের নতুন ঘোষণা: সিলেটে ফখরুল

সিলেটের সকাল ডেস্ক:
জুলাই ৯, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের নতুন ঘোষণা আসবে। এই সংগ্রামে দেশের আপামর জনসাধারণকে ঝাঁপিয়ে পড়ে এই ‘দানবীয়’ সরকারের বিদায় নিশ্চিত করার আহŸান জানান।
বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তিন রোববার বিকেলে আয়োজিত সিলেট বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আজকে সমগ্র জাতি অত্যন্ত সংকটের মধ্যে আছে। এ জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা -এটা নির্ভর করছে আগামী কয়েক মাসের মধ্যে। আগামী জাতীয় সংসদকে সামনে রেখে আওয়ামী অন্যায় ও বেআইনীভাবে জোর করে আবারও ক্ষমতাকে সম্প্রসারিত করার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরোধীতা করে মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী সেদিন পার্লামেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন। আজ আবার শেখ হাসিনা একটি ভিন্ন আঙ্গিকে জাতির ওপর বাকশাল চাপিয়ে দিতে চাচ্ছেন। তিনি বলেন, নির্বাচন হচ্ছে এ সরকারের ক্ষমতায় টিকে থাকার অস্ত্র। নির্বাচন কমিশনকে তারা তাদের মতো ব্যবহার করে। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না, এ দল সুষ্ঠু নির্বাচন দিতে জানে না। এটা তাদের চরিত্রে নেই। আওয়ামী লীগ দেশটাকে তাদের বাপের তালুকদারি মনে করে। এ জন্য তারা বেআইনীভাবে -নির্যাতন করে ক্ষমতা ধরে রাখতে চায়’ ।
বিদ্যুত, স্বাস্থ্য ও শিক্ষাসহ অন্যান্য খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে তরুণরা চাকুরি পায় না। ১৫-২০ লাখ টাকা দিলে চাকুরি হয়। এ সরকার দেশের মানুষের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এজন্য এ সরকারকে বিদায় দেয়া ছাড়া কোন উপায় নেই। এজন্য সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। গঠন করতে হবে নতুন নির্বাচন কমিশন। এর মাধ্যমেই দেশের নতুন যাত্রা শুরু করতে হবে।
সমাবশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে, যুবলীগ নগরীর রেজিস্ট্রি মাঠে তারুণ্যের যাত্রা শীর্ষক সমাবেশের আয়োজন করে। এ নিয়ে নগরীতে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমাবেশে উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলীয়া মাঠে জমায়েত হন। তাদের পরণে ছিল হলুদ টি শার্ট ও বিভিন্ন রঙ্গের ক্যাপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।