সিলেটে শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নগরী থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে সিলেটের গোলাপগঞ্জে। ভূমিকম্পের সময় সিলেটে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।
আগারগাঁও আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত ভূমিকম্পের বুলেটিনে বলা হয়, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ২০২ কিলোমিটার উত্তরপূর্বে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল গোলাপগঞ্জের বাসিন্দা মাহফুজ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পে তাৎক্ষনিকভাবে সেখানে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, দেশের বিভিন্ন স্থানে থাকা উদ্বিগ্ন স্বজনরা তাদের খোঁজ খবর নিচ্ছেন।
সিলেট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, সিলেট নগরী থেকে একেবারে কাছাকাছি স্থানে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের সময় প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। তিনি জানান, সিলেটে শুক্রবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
